প্রচ্ছদ > লাইফস্টাইল >

লেবু পানি কতটা উপকারী সকালে নাস্তার আগে?

article-img

অনেক মানুষ সকালে নাস্তার আগে এক গ্লাস লেবুর পানি পান করেন। তাদের বিশ্বাস, এটি শরীরকে ডিটক্স করে, হজমশক্তি বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর উপকারিতা সীমিত এবং অতিরিক্ত পান করলে দাঁত ও পরিপাকতন্ত্রের ক্ষতি হতে পারে।

লেবুতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড ডাটা সেন্ট্রালের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম লেবুতে প্রায় ৫৩ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা শরীরের বিপাকক্রিয়া ও কোষ সুরক্ষায় সহায়তা করে।

এই পুষ্টিগুণের কারণে লেবুর পানি ডিটক্স, ত্বক পরিষ্কার রাখা এবং চর্বি কমানোর সঙ্গে যুক্ত করা হয়। তবে বিশেষজ্ঞদের মতে, এসব দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

ভিয়েতনামের মিলিটারি হাসপাতাল ১৭৫-এর পুষ্টি বিভাগের উপপ্রধান ডা. বুই থি ডুয়েন বলেন, সকালে লেবুর পানি পান করার প্রধান উপকার হলো রাতে ঘুমের পর শরীরকে পুনরায় হাইড্রেট করা এবং সামান্য ভিটামিন সি সরবরাহ করা।

তিনি আরও জানান, লেবুর পানি শরীরের বিষাক্ত উপাদান বের করে দেয় বা সরাসরি ওজন কমায়—এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তার মতে, ওজন কমার সম্ভাব্য কারণ হতে পারে চিনিযুক্ত পানীয়ের বদলে লেবুর পানি পান করা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত অ্যাসিডযুক্ত পানীয় দাঁতের এনামেল ক্ষয় করতে পারে। বিশেষ করে লেবুর রস ঠিকমতো পাতলা না করলে বা মুখের যত্নে অবহেলা করলে ক্ষতির ঝুঁকি বাড়ে।

এছাড়া খালি পেটে লেবুর পানি পান করলে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সে ভোগা ব্যক্তিদের পাকস্থলীতে জ্বালাপোড়া হতে পারে।

ডা. ডুয়েনের পরামর্শ অনুযায়ী, আধা লেবুর রস ২০০ থেকে ৩০০ মিলিলিটার পানির সঙ্গে মিশিয়ে কম চিনি দিয়ে পান করা ভালো। দাঁতের সুরক্ষার জন্য স্ট্র ব্যবহার করা বা পরে মুখ কুলি করার কথাও তিনি বলেন।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য কোনো একক খাবার বা সকালের অভ্যাসের ওপর নির্ভর করা উচিত নয়। বরং সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত সময়ে খাবার খাওয়া, বেশি শাকসবজি ও মানসম্মত প্রোটিন গ্রহণ এবং চিনি ও প্রক্রিয়াজাত খাবার কম খাওয়াই দীর্ঘমেয়াদে বেশি উপকারী।